মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৪
- আপডেট টাইম : ০৬:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 2
শনিবার (১৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ইসদাইর রেললাইন এলাকায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি শুরু হয়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়।
ঘটনায় আহত দুজনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। তবে অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রাথমিকভাবে এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের সবার পরিচয় ও তাদের আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ইসদাইরে একটি ঘটনা ঘটেছে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত জানানো হবে।”
ঘটনার পর ইসদাইর রেললাইন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
নিউজ লাইট ৭১






















