ঢাবি ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে ককটেল ও বাসে আগুন
- আপডেট টাইম : ০৯:১৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 8
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস, পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জনবহুল এলাকা-কোথাও বাদ যায়নি দুর্বৃত্তদের হামলা থেকে। এসব ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ এসব ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে উল্লেখ করেছে এবং ইতিমধ্যে তিনজনকে আটক করেছে।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে একটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলটি পার্ক করা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি। এর আগে সন্ধ্যা ৬টা থেকে এক ঘণ্টার ব্যবধানে ঢাবি ক্যাম্পাসের টিএসসি, প্রশাসনিক ভবন, ভিসি চত্বর, ডাকসু, মধুর ক্যানটিন এবং নীলক্ষেতের তোরণসহ বিভিন্ন স্থানে অন্তত আট-নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ছাড়া জগন্নাথ হল, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। অন্যদিকে, রাত সোয়া ৮টার দিকে পল্লবী থানা প্রাঙ্গণে ফ্লাইওভার থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হন।
রাজধানীর আরও বেশ কয়েকটি স্থানে এদিন রাতে বোমাতঙ্কের সৃষ্টি হয়। রাত সোয়া ১০টার দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে, রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি এবং তেজগাঁও শিল্পাঞ্চলের সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর রাত পৌনে ১টার দিকে ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ক্যান্টনমেন্টের মাটিকাটা, পান্থপথ ও খিলক্ষেত এলাকায় ককটেল ফাটানো হয়।
খিলক্ষেত ও উত্তরা পূর্ব থানার ঘটনার ভিডিওতে দুর্বৃত্তদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মোটরসাইকেলে করে পালাতে দেখা গেছে। বিস্ফোরণের পাশাপাশি সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারার নতুনবাজার ১০০ ফুট সড়কের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।
ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের সহায়তায় তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। আটককৃতরা হলেন, নাটোরের রেজাউল করিম, রাজশাহীর পুঠিয়ার সোহেল রানা ও গোপালগঞ্জের কোটালীপাড়ার নাজমুস সাদ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট গোষ্ঠী এসব কাজ করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং রাজধানীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এসব নাশকতার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছেন।
নিউজ লাইট ৭১

















