নাশকতার আশঙ্কায় বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা
- আপডেট টাইম : ১১:৫৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 7
দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার (১৮ নভেম্বর) এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আওতায় বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি বাড়ানো, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি জোরদার এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া বিমানবন্দরে প্রবেশ করা সব ধরনের যানবাহনে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করতে বলা হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এপিবিএনের টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া দেশের যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালনা করা হয় না, সেসব স্থানেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরাভিত্তিক নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাতেও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।
নিউজ লাইট ৭১






















