সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- আপডেট টাইম : ১১:৪৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 7
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রামসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও ৫ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে গোপালগঞ্জে ২৭ প্লাটুন, ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রাম ও গাজীপুরে ১৫ প্লাটুন করে, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, ফরিদপুরে ৩ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন দায়িত্ব পালন করছেন। এছাড়া আরও ৫ প্লাটুন বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে তাঁরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
বিজিবি জানায়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে বিজিবি সদস্যরা কাজ করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজ লাইট ৭১






















