ভারতীয় মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
- আপডেট টাইম : ০৯:৩৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 13
দিনাজপুর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এ অভিযান চালায়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মনিপুর বিওপির আওতাধীন শালকি দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির টহলদল সন্দেহভাজন মোঃ হাবিবুর রহমান (২৭) নামের এক যুবককে আটক করে।
আটকের সময় তাঁর কাছ থেকে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট টেনসিউইন ০.৫-এর ১৬টি পিস এবং হিরো ডিলাক্স ১০০ সিসির একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মালামালের সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৭৮০ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে জব্দ করা মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজ লাইট ৭১





















