লাগাম টানা হচ্ছে ব্যাটারিচালিত রিকশার
- আপডেট টাইম : ০৭:২১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 1
রাজধানী ঢাকা শহরের যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশার ওপর কড়াকড়ি আরোপসহ অঞ্চলভিত্তিক চলাচলের নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি নগর ভবনে আয়োজিত এক সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক এসব কথা জানান।
ডিএসসিসি প্রশাসক জানান, পুরো শহরকে কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে ভাগ করে রিকশা চলাচলের সীমা নির্ধারণ করা হবে। এক এলাকার রিকশা যেন অন্য এলাকায় ঢুকে যানজট তৈরি করতে না পারে, সেজন্য সড়ক ও দিনভিত্তিক চলাচলের বিধিনিষেধ দেওয়া হবে। পাশাপাশি অবৈধ রিকশা বন্ধে নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে। কোনো এলাকার রিকশা অন্য দূরবর্তী এলাকায় চলাচল করতে পারবে না এবং উত্তর ও দক্ষিণ সিটির সীমানাতেও শৃঙ্খলা আনা হবে।
তিনি আরও উল্লেখ করেন, রিকশার পাশাপাশি যত্রতত্র বাস থামানো ও অনিয়ন্ত্রিতভাবে যাত্রী ওঠানামা বন্ধে বাস মালিকদের সাথে আলোচনা করে বিশেষ ব্যবস্থা চালু করা হচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে ঢাকার পরিবহন খাত একটি সমন্বিত ব্যবস্থার মধ্যে আসবে। এ পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় আইন ও বিধিবিধান প্রণয়নের কাজ চলছে।
এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, সিটি কর্পোরেশন ও অন্যান্য স্থানীয় সরকার কাঠামোর অধীনে ই-রিকশা ব্যবস্থাপনায় একটি সমন্বিত নীতিমালা তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে যানজট কমানোর পাশাপাশি লাইসেন্স ও নিবন্ধনের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।






















