রাতের আঁধারে টিলা কেটে মাটি বিক্রি, আটক ৩
- আপডেট টাইম : ১২:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 1
সিলেটের গোলাপগঞ্জে রাতের আঁধারে টিলা কেটে মাটি বিক্রি ও প্লট ভরাটের অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় মাটিবোঝাই একটি ট্রাক এবং টিলা কাটার কাজে ব্যবহৃত দুটি কোদাল ও দুটি বেলচা জব্দ করা হয়।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর একমাইল এলাকায় গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশের একটি টিলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণ সড়কের পাশে ব্রিটিশ আইডিয়াল স্কুলের সামনে বাঘা এলাকার মো. শরীফ উদ্দিনের মালিকানাধীন একটি আবাসন প্রকল্পের প্লট ভরাট করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন—গোলাপগঞ্জ উপজেলার রণকেলী নুরপাড়া গ্রামের আতন আলীর ছেলে শফি আহমদ (৩০), উত্তর কানিশাইল গ্রামের মতচ্ছির আলীর ছেলে তারেক আহমদ (৩০) এবং দত্তরাইল গ্রামের ফজলু মিয়ার ছেলে পাপলু আহমেদ (৩৫)।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও তিন থেকে চারজন পালিয়ে যায় বলে জানা গেছে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
টিলা কাটার ঘটনা পুনরায় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ওসি বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। নিয়মিত মামলা নেওয়া হয়েছে। এরপরও এমন ঘটনা ঘটলে আবারও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যে রাতের আঁধারে টিলা কেটে মাটি বিক্রির ঘটনা ঘটে। এতে একদিকে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে এলাকার প্রাকৃতিক ভারসাম্য। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন তারা।
নিউজ লাইট ৭১






















