চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগের বেশি অর্জিত
- আপডেট টাইম : ০৬:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / 33
চলতি বোরো সংগ্রহ মৌসুমে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগের বেশি অর্জিত হয়েছে। সেই সাথে মজুতে হয়েছে রেকর্ড। বর্তমান বোরো সংগ্রহ দাঁড়িয়েছে ১০ লাখ ১০ হাজার ৩৩২ টন। বোরো চাল সংগ্রহ অভিযানের শেষ দিন ছিল মঙ্গলবার। নির্ধারিত দিনের আগেই মন্ত্রণালয় শতভাগের বেশি চাল সংগ্রহের সফলতা দেখিয়েছে।
গত ৩০ আগস্ট পর্যন্ত খাদ্য শস্যের মজুতের পরিমাণ ১৭ লাখ ৬৫ হাজার ৯ শত পঁয়তাল্লিশ টন। এর মধ্যে চালের পরিমান ১৫ লাখ ১৯ হাজার ৭৫৬ টন, গম ১ লাখ ৭৭ হাজার ৩৫ টন এবং ধান ১ লাখ ৬ হাজার ৩৯২ টন। এ বছর চাল সংগ্রহের মূল লক্ষ্যমাত্রা ছিল সিদ্ধ চাল ১০ লাখ টন, ধান ৬ লাখ ৫০ হাজার টন এবং আতপ চাল ১ লাখ টন।
গতবছর এই দিনে মজুতের পরিমাণ ছিল ১৩ লাখ ৩৮ হাজার ২১৫ টন। এর মধ্যে চালের পরিমাণ ১০ লাখ ৪৫ হাজার ৫৫৬ টন, গম ২ লাখ ৩৬ হাজার ৫৮৩টন এবং ধান ৮৬ হাজার ২৭০ টন।
এদিকে গত সোমবার ৪১৫ টি প্রতিষ্ঠানের অনুকুলে ১৬.৯৩ লাখ টন চাল বেসরকারিভাবে আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে সিদ্ধ নন-বাসমতি ১৪.৮৩ এবং আতপ ২.১০ লাখ টন।
চালের বাজার স্থিতিশীল রাখতে গত ১২ আগস্ট চাল আমদানির শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়। এই সুবিধা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।
ইতোমধ্যে আমদানির চাল স্থলবন্দরসমূহ দিয়ে দেশে আসতে শুরু করেছে। পাইকারি ও খুচরা বাজারে চালের দামও কমতে শুরু করেছে।
নিউজ লাইট ৭১























