সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে পুলিশের কড়া সতর্কতা
- আপডেট টাইম : ০৯:৩৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 2
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশ এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে অসত্য, বিভ্রান্তিকর ও উসকানিমূলক সংবাদ বা তথ্য প্রচারের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পুলিশ।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ও সরকারের শীর্ষ ব্যক্তিদের লক্ষ্য করে মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে দিচ্ছে।
বিজ্ঞপ্তিতে এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উল্লেখ করা হয়, এসব চক্রান্তের মূল উদ্দেশ্য হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করা, পুলিশ বাহিনীর মনোবল দুর্বল করা এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।
পুলিশের ব্যাখ্যা অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলোর অপতৎপরতার বিরুদ্ধে পুলিশ জোরালো আইনি পদক্ষেপ গ্রহণ করায় এবং কোনো অন্যায় তদবির আমলে না নেওয়ায় একটি চক্র ক্ষুব্ধ হয়ে এ ধরনের অসত্য তথ্য প্রচারে লিপ্ত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে সম্পৃক্ততা, সরকারি দপ্তরে অনৈতিক প্রভাব খাটানো এবং অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবি করার মতো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে।
বাংলাদেশ পুলিশ সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে- সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত কোনো বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য যাচাই-বাছাই না করে বিশ্বাস, শেয়ার বা প্রচার না করতে। একই সঙ্গে গুজব ও অপপ্রচার ঠেকাতে সর্বস্তরের নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার চালানো হলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ দৃঢ় মনোবল ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। কোনো অপপ্রচার যেন বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য সাধারণ মানুষের সচেতনতা, সহযোগিতা ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা কামনা করেছে পুলিশ।
নিউজ লাইট ৭১






















