পায়ুপথে ৪টি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার
- আপডেট টাইম : ০৭:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 13
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। যাত্রীর পায়ুপথে লুকানো চারটি ডিম্বাকৃতির বস্তু এবং অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করা হয়েছে। এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
বিমানবন্দরে এক্স-রে পরীক্ষার সময় হাসান মিয়ার রেক্টামে (পায়ুপথের সঙ্গে যুক্ত অংশ) স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। পরে তার পায়ুপথ থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু বের করা হয়। এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুগুলোর ওজন প্রায় এক হাজার গ্রাম।
তবে উদ্ধার করা বস্তুগুলোর মধ্যে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা কত, তা পরীক্ষা ও পরিশোধনের পর নিশ্চিত হওয়া যাবে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর পেছনে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।
প্রয়োজন হলে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।
নিউজ লাইট ৭১





















