মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, খরচ নির্ধারণ
- আপডেট টাইম : ০৭:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 10
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সর্বমোট ১ লাখ ৫৪ হাজার টাকা খরচ নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় বা কোনো ধরনের অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের বৈঠকে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। বিকেল সোয়া ৪টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ বলেন, বর্তমানে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এ সমস্যা কবে সমাধান হবে এবং কবে থেকে মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো সম্ভব হবে, তা সাধারণ মানুষ জানতে চায়। নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা খরচে কর্মীরা যেতে পারবেন কি না, তা তদারকির জন্য পৃথক সংসদীয় কমিটি গঠন করা যায় কি না, সে বিষয়েও তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, আগামী দিনেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। আগামী সপ্তাহের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সর্বমোট ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা অন্য কোনো অনিয়মের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণার অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার।
রেহানা আক্তার রানু জানতে চান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়মকারী ও অসৎ রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কি না।
জবাবে মন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার পর চাকরি না পাওয়া, ইকামা না পাওয়া, চুক্তি অনুযায়ী বেতন না দেওয়া এবং চাকরির নামে প্রতারণাসহ বিভিন্ন বিষয়ে কর্মী বা তাঁদের অভিভাবকদের করা অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন অনিয়মের কারণে সম্প্রতি ৫৬টি এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।
নিউজ লাইট ৭১





















