কবর খুঁড়ে তিনটি কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক
- আপডেট টাইম : ০৯:৩০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 10
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর বেনুপুর কবরস্থান থেকে তিনটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও মৃত ব্যক্তিদের স্বজনদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কবরস্থানে গিয়ে কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে খোঁজ নিয়ে তিনটি কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হন তাঁরা। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে উদ্বেগ তৈরি হয়। প্রিয়জনদের কবরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন স্বজনরা।
এলাকাবাসী জানান, আশাপুর বেনুপুর কবরস্থানে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও একই স্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন অপরাধ সংঘটিত হলেও জড়িতদের শনাক্ত করা সম্ভব না হওয়ায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
তাঁদের অভিযোগ, রাতে কবরস্থানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা এ ধরনের অপরাধ করার সুযোগ পাচ্ছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
ঢালজোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ এনায়েত হোসেন গজনবী বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। কবরস্থানের নিরাপত্তা বাড়াতে পর্যাপ্ত পাহারাদার নিয়োগ, সীমানাপ্রাচীর নির্মাণ এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা বলেন, এসব উদ্যোগ কেবল আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি কঙ্কাল চুরির ঘটনায় কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
স্থানীয়দের মতে, কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও স্পর্শকাতর। এতে মৃত ব্যক্তিদের অসম্মান করার পাশাপাশি তাঁদের স্বজনদের ধর্মীয় অনুভূতিতেও আঘাত লাগে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম বলেন, “কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নিউজ লাইট ৭১






















