গ্লোবের টিকা করোনা প্রতিরোধে সক্ষম
- আপডেট টাইম : ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / 94
৭১: গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত বিশ্বে এই প্রথম ডি৬১৪জি ভ্যারিয়েনটস এমআরএনএভিত্তিক ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম বলে জানিয়েছে মার্কিন মেডিকেল জার্নাল বায়োআর্কাইভ।
গত বুধবার বায়োআর্কাইভ মেডিকেল জার্নালে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। এ বিষয়ে নিজেদের ওয়েবসাইটে তারা একটি প্রতিবেদনও প্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ড. আসিফ মাহমুদও বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে আগামী রোববার বেলা ১১টায় কভিড-১৯ এর টিকার নিয়ন্ত্রিত প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন ও ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে গ্লোব বায়োটেক লিমিটেড। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির তেজগাঁওস্থ করপোরেট অফিসে। উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো কভিড-১৯ (করোনাভাইরাস) রোগের টিকা (ভ্যাকসিন) আবিষ্কার করে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।
গ্লোব বায়োটেক লিমিটেড ২০১৫ সালে ক্যান্সার, আর্থ্রাইটিস, রক্তস্বল্পতা, উচ্চরক্তচাপ, অটোইমিউন ডিজিজসহ অন্যান্য দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য বায়োলজিক্স, নভেল ড্রাগ এবং বায়োসিমিলার উৎপাদনের লক্ষ্যে অত্যাধুনিক গবেষণাগার স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করে। তারা জানায়, জাতীয় ও আন্তর্জাতিক প্রয়োজনে ‘গ্লোব বায়োটেক লিমিটেড’ গবেষণার পাশাপাশি কভিড-১৯ ‘শনাক্তকরণ কিট, টিকা এবং ওষুধ’ আবিষ্কার সংক্রান্ত গবেষণা শুরু করে।
গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি অপারেশন্সের ম্যানেজার ও ইনচার্জ এবং টিকা আবিষ্কারের গবেষক দলের সদস্য ডা. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমাদের গবেষণার সর্বশেষ অগ্রগতি একটি আন্তর্জাতিক মেডিকেল জার্নালে আজ (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে। এ সপ্তাহে টিকার নিয়ন্ত্রিত প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন ও ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিয়ে একটি সংবাদ সম্মেলন করা হবে। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির তেজগাঁওস্থ করপোরেট অফিসে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
দেশীয় একমাত্র প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো করোনাভাইরাসসের টিকা আবিষ্কারের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক লিমিটেড। এ ভ্যাকসিনের এনিম্যাল ট্রায়াল সম্প্রতি শেষ হয়েছে। এরপর বিএমআরসির কাছে হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করা হবে বলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ২ জুলাই এক সংবাদ সম্মেলনে প্রাণঘাতী করোনাভাইরাস কভিড-১৯ রোগের টিকা আবিষ্কার করার দাবি করে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. হারুনুর রশিদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।






















