ধানক্ষেতের আইলই স্কুলযাত্রার একমাত্র ভরসা
- আপডেট টাইম : ০২:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 2
প্রতিদিন বই-খাতা হাতে নিয়ে এক বুক স্বপ্ন নিয়ে বিদ্যালয়ের উদ্দেশে বের হয় কোমলমতি শিক্ষার্থীরা। কিন্তু সেই বিদ্যালয়ে পৌঁছাতে তাদের কোনো পাকা বা কাঁচা রাস্তা নেই। ধানক্ষেতের সরু আইল ধরে কখনো কাদামাটি মাড়িয়ে, আবার কখনো জীবনের ঝুঁকি নিয়ে তাদের পৌঁছাতে হয় গন্তব্যে। সামান্য বৃষ্টি হলেই পথটি হয়ে ওঠে পিচ্ছিল ও বিপজ্জনক। এভাবেই বছরের পর বছর ধরে চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চণ্ডীপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়টিতে যাওয়ার জন্য কোনো সরকারি সংযোগ সড়ক নেই। বর্ষা মৌসুমে চারপাশের কৃষিজমিতে পানি জমে গেলে বিদ্যালয়ে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। ছোট ছোট শিক্ষার্থীরা কাদায় পিছলে পড়ে প্রায়ই আহত হয়। অনেক সময় তাদের বই-খাতা ও স্কুলের পোশাক ভিজে নষ্ট হয়ে যায়। এই জরাজীর্ণ যাতায়াত ব্যবস্থার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসতে চায় না, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, একটি চলাচলযোগ্য রাস্তা নির্মাণের জন্য তারা দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। একটি সংযোগ সড়ক নির্মাণ হলে শুধু বিদ্যালয়ের কোমলমতি শিশুরাই নয়, আশপাশের গ্রামবাসীর দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘব হতো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহমেদ তুহিন বলেন, “বিদ্যালয়ে যাতায়াতের কোনো রাস্তা না থাকায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতিনিয়ত অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এখানে দ্রুত একটি রাস্তা নির্মাণ করা জরুরি।”
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। আমি দ্রুতই বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সাথে আলোচনা করব। প্রয়োজনে ইউএনও স্যারকে নিয়ে বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করে একটি টেকসই রাস্তা নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিউজ লাইট ৭১





















