কক্সবাজার পুলিশে ব্যাপক রদবদল : একযোগে ১৩৪৭ জনকে বদলি
- আপডেট টাইম : ০৭:১৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / 129
৭১: কক্সবাজার থেকে বদলির আদেশ পাওয়া পুলিশ সদস্যের সংখ্যা শুক্রবার পর্যন্ত দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৭ জনে। পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের পর কক্সবাজার জেলায় পুলিশ বাহিনীতে এ রদবদল হচ্ছে।
আজ শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে কক্সবাজারের আটটি থানাসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা ১৩৯ জন এসআই, ৯২ জন এএসআই, ১ হাজার ৫৫ জন নায়েব ও কনস্টেবলকে ভিন্ন রেঞ্জে বদলি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বদলি করা হয় ৫৩ জন পরিদর্শককে।
বদলির আদেশ পাওয়াদের মধ্যে রয়েছেন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ আট শীর্ষ কর্মকর্তা। ৫৩ জন পরিদর্শক, ১৩৯ জন উপ-পরিদর্শক (এসআই), ৯২ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ১ হাজার ৫৫ জন নায়েব ও কনস্টেবল।
জানা গেছে, কক্সবাজারে শূন্য পদ পূরণে দেশের বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে যোগ দিচ্ছেন ৫৩ জন পুলিশ পরিদর্শক, ২১৫ জন এসআই-এএসআই এবং ৭৩৪ জন কনস্টেবল।
এ ব্যাপারে পুলিশ সুপার হাসানুজ্জামান গণমাধ্যমকে বলেন, কক্সবাজার জেলার পুরো পুলিশ বাহিনীকে ‘ঢেলে সাজানো’ হচ্ছে। পর্যায়ক্রমে বদলি হওয়া সদস্যরা ছাড়পত্র নেবেন এবং নিয়োগকৃতরা যোগদান করবেন।






















