বয়স ৪০, এখনো কেন বিয়ে করলেন না জানালেন পপি
- আপডেট টাইম : ০৪:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / 148
৭১: চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তার বয়স ৪০। এখনো বিয়ে করেননি এই নায়িকা। এতদিন বিয়ে না করার পিছনে কোন ‘গোপন’ কারণ রয়েছে বলে অনেকেই বলেন। এবার সেই তথ্যই ফাঁস করে দিলেন এই অভিনেত্রী।
পপি গণমাধ্যমকে বলেন, পরিবারের বাবা-মা ভাইবোন রয়েছে। কিন্তু এর বাইরেও নিজের জীবন বলে একটা কথা আছে। আমিও কাউকে নিয়ে জীবন শুরু করতে চাই। তবে মনের মতো মানুষ আর যোগ্য ব্যক্তি না পাওয়ার কারণে এখনো বিয়ে করা হয়ে ওঠেনি।
কিছুদিন আগে পপির নামের সঙ্গে জায়েদ খানের নাম জড়িয়েছে। এমনকি গুঞ্জন উঠেছিলো, গোপনে প্রেমও করছেন তারা।
এ ব্যাপারে পপি বলেন, চলচ্চিত্রে একই পরিবারের সদস্য আমরা। আমাদের গণ্ডি একই। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, অযোগ্য ব্যক্তির সঙ্গে আমাকে জড়িয়ে আমার ক্ষতি করবেন না। তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। যেটুকু ছিল সেটুকু হচ্ছে প্রফেশনাল।
পপি বলেন, ‘বিয়ে নিয়ে ভাবতে গেলে ভয় লাগে। বিয়ে না করেও এতবার আমাকে বিয়ে দেয়া হয়েছে, এসব শুনে খুবই বিরক্ত আমি। তা ছাড়া পরিচিত অনেককেই দেখেছি বিয়ের কিছুদিন পরই ডিভোর্স হয়ে গেছে। তাই সাহস পাই না।’
পপির সমসাময়িক নায়িকাদের সবাই বিবাহিত, স্বামী-সন্তান নিয়ে সংসার করছেন। তাঁদের কেউ কেউ আবার গোপনে বিয়ে করেছেন। পপির ক্ষেত্রেও কি সে রকম ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে?
পপি বলেন, ‘বিয়ে করা কোনো অপরাধ নয়, বিয়ে করা কোনো পাপ নয়। নতুন একটা জীবন শুরু করা। অনেককেই দেখেছি, এই শুভ কাজ গোপনে করছেন, মনে হয় তাঁরা যেন পাপ করছেন। এই শুরুটা গোপনে বা লুকিয়ে করার কোনো মানে হয় না। আমি বিয়ে করলে ঢাকঢোল পিটিয়েই করব। তবে সবার কাছে অনুরোধ, বিয়ের আগে আমাকে বিয়ে দেবেন না।’
বিয়ের জন্য এত সময় নিচ্ছেন কেন, জানতে চাইলে পপি বলেন, ‘প্রেমে ছ্যাঁকা খেয়েছি তেমনটা ভাববেন না। আমি কিছু মানুষকে বিশ্বাস করেছিলাম। তাঁরা সবাই বিশ্বাসের অমর্যাদা করেছে। একই মানুষ ১৪ জনকে একই টেক্সট পাঠায়!
কত বড় বিশ্বাসঘাতক, বলে বোঝাতে পারব না। জীবন শুরু করার জন্য জীবনসঙ্গীর প্রতি বিশ্বাস, আস্থা, কমিটমেন্ট লাগে। আমার সঙ্গে যাঁর জোড় লেখা আছে, তাঁকে পেলেই বিয়ে হবে, নয়তো হবে না।’






















