ফখরুলের বক্তব্যে জনগণ হাসে: কাদের
- আপডেট টাইম : ০৫:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / 156
৭১: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরাতে না পারলে স্বাধীনতা রক্ষা করা যাবে না, বিএনপি মহাসচিবের এমন কথা শুনলে জনগণ এখন হাসে।
কাদের প্রশ্ন ছুঁড়ে বলেন, তারা কাদের নিয়ে আন্দোলন করবে? এদেশের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে, দেশের প্রতিটি অর্জনের সাথে মিশে আছে আওয়ামী লীগ।
রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকার হটানোর ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা কর্মসূচি আর আন্দোলনের ঘোষণা দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকে। তাদের হাকডাক অনেক শুনেছে জনগণ। তারা আন্দোলন করে দলীয় অফিসের সামনে নিজ দলের নেতাকর্মীদের মাথা ফাটিয়ে।
তিনি বলেন, সরকারের বিরুদ্ধে বিএনপি প্রতি বছর ঈদের পরে আন্দোলন শুরুর ঘোষণা দেয়। কিন্তু জনগণ কত ঈদ যে পার করলো, আন্দোলন আর দেখে না, রাজপথ শূন্যই থাকে। আন্দোলনের দ্বার রুদ্ধ করে তারা প্রেস ব্রিফিং এর মধ্যেই সীমাবদ্ধ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন পারস্পরিক অবিশ্বাস, কলহ, মিথ্যাচার আর নেতিবাচক রাজনীতির চক্রে আবদ্ধ। তাদের আন্দোলনের ডাক এখন মিথ্যাবাদী রাখালের গল্পের মতো।
তিনি বলেন, সরকার সেবা সহজীকরণে এবং গ্রাহকদের সুবিধার্থে দেশের যেকোনো সার্কেল অফিস হতে যানবাহনের ফিটনেস সনদ গ্রহণের সুযোগ সৃষ্টি করেছে। বিআরটিএকে সত্যিকার অর্থে সেবামুখি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

















