লাইসেন্স ছাড়াই ঔষুধ উৎপাদন, সাড়ে ১০ লাখ টাকা জরিমানা
- আপডেট টাইম : ০১:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / 137
৭১: নরসিংদীতে ঔষধ তৈরির লাইসেন্স না থাকায় টেকনো ড্রাগস নামক একটি ঔষুধ কোম্পানীকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪০ লাখ টাকার অনুমোদনহীন ঔষধ ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত শিবপুরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত টেকনো ড্রাগস্ লিমিটেড এর ৩নং ইউনিটে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৎস্য ও পশু খাদ্যের প্রিমিক্স তৈরি করার লাইসেন্স এবং মানবদেহের জন্য বিভিন্ন এন্টিবায়োটিক, হরমোন, ডেক্সামিথাজন, স্টেরয়েড ড্রাগ উৎপাদনের জন্য ঔষধ প্রশাসনের কোন অনুমোদন নেই টেকনো ড্রাগসের। এজন্য ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় প্রায় ৪০ লাখ টাকার অনুমোদনহীন ঔষুধ তৈরিতে ব্যবহৃত কাঁচামাল ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক উপস্থিত ছিলেন।


















