দুই দিন সময় দিয়েছেন আতিকুল
- আপডেট টাইম : ০৫:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / 139
৭১: ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার সকল বিলবোর্ড, সাইনবোর্ড কর্তৃপক্ষকে দুই দিন সময় বেঁধে দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি বলেন, রোববার (১৩ সেপ্টেম্বর) ও সোমবার (১৪ সেপ্টেম্বর) এই দুই দিন সময় দিলাম। এরমধ্যে আপনারা এসে ট্যাক্স দিন, আপনাদের সাইনবোর্ড বিলবোর্ড ভাঙা হবে না। তবে ১৫ তারিখ থেকে কোনো কিছু দেখবো না। অনুমোদনহীন যে সাইনবোর্ড থাকবে যত বড় লোক হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন তা ভেঙে ফেলা হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) গুলশান-২ এর ৮৩ নং রোডে স্থাপিত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র একথা বলেন।
ডিএনসিসির ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত সংসদ সদস্য নাহিদ ইজহার খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মমকর্তা মো. সেলিম রেজা, স্থপতি ইকবাল হাবিব প্রমুখ।
মেয়র বলেন, আপনি ব্যবসা করবেন এই সিটির মধ্যে কিন্তু সাইনবোর্ডের জন্য ট্যাক্স দেবেন না, এই ধরনের বাণিজ্য করার দিন শেষ। আপনার ভুলে যান সেই দিনের কথা, কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ঢাকা শহরকে পরিষ্কার রাখার জন্য কাজ করে যেতে হবে।


















