প্রতিবেদন বিশ্লেষণ অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট টাইম : ০৬:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / 127
৭১: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন ১৩টি সুপারিশ রয়েছে। মূল প্রতিবেদন ৮০ পৃষ্ঠার, তবে এরসঙ্গে ৫৮৬ পৃষ্ঠার সংযুক্তি রয়েছে। এসব বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান। হত্যার সঙ্গে দায়ীদের প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে বলে তদন্ত কমিটি সূত্রে জানা গেছে। তবে তদন্ত প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে কোনো তথ্য দেননি স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা কমিটি প্রধান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিটি পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট নিয়ে এসেছে। রিপোর্টে কী আছে আমরা এখনও দেখিনি। তারা আমাদের কাছে জমা দিয়ে তাদের কার্য শেষ হয়েছে জানিয়ে যাবেন। পরবর্তী সময়ে আমাদের সচিব মহোদয় এগুলো বিশ্লেষণ করে যেখানে যেটা প্রয়োজন সেই অনুযায়ী কাজ করবেন।
আদালতের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা আদালতকে এটার সম্বন্ধে জানিয়ে দেব, আদালত মনে করলে এটাকে আমাদের কাছ থেকে অফিসিয়ালি নিয়ে যাবেন, এটাই হয়ে থাকে। এটা আদালতের এখতিয়ার। যাদের নামে রিপোর্ট আসবে, পরবর্তীতে করণীয় কী আপনাদের জানাব।
হত্যা পরিকল্পিত কি না এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত রিপোর্ট আমার কাছে মাত্র এলো। এর ভেতর কী লেখা আছে, কী উল্লেখ আছে- আমরা তো জানি না কিছু। আমরা বের করে নেই, আমরা এগুলো স্টাডি করি তারপরে আপনাদের জানাতে পারব।






















