ভ্যাপসা গরম আরও কয়েকদিন
- আপডেট টাইম : ০৬:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / 119
৭১: দুর্বল মৌসুমি বায়ুর প্রভাব আর ভাদ্রের ভ্যাপসা গরমে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। গত কয়েকদিনের তুলনায় গতকালকের তাপমাত্রাও ছিল বেশি। ভারী বৃষ্টি না হলে আগামী কয়েকদিন এমনই ভ্যাপসা গরম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঢাকায় গতকাল তাপমাত্রা ৩৫ দশমিক ৮, যা গত সপ্তাহে ছিল গড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
একইভাবে ময়মনসিংহে ৩৪ দশমিক ৬, যা গত সপ্তাহে ছিল ৩১, চট্টগ্রামে ৩৩ দশমিক ৬, গত সপ্তাহে ছিল ৩২, সিলেটে ৩৪, গত সপ্তাহে যা ছিল ৩১, রাজশাহীতে ৩৫ দশমিক ৬, গত সপ্তাহে যা ছিল ৩৪, রংপুরে ৩৫, গত সপ্তাহে যা ছিল ৩৪, খুলনায়ও ৩৫, গত সপ্তাহে যা ছিল ৩৪ এবং বরিশালে ৩৫ দশমিক ৩, যা গত সপ্তাহে ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে গত সপ্তাহের তুলনায় গড়ে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। এর মধ্যে আবার ঝড়ো হাওয়ার কারণে নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, আরও মাস খানেক এই ধরনের আবহাওয়া থাকবে। কখনো মৌসুমি বায়ুর কারণে বৃষ্টি হবে আবার কখনো ভ্যাপসা গরম অনুভূত হবে। গতকাল দেশের অধিকাংশ এলাকার আকাশ পরিষ্কার। তাই গরম বেশি অনুভূত হচ্ছে। ভারী বৃষ্টি না হলে তাপমাত্রা কমবে না। আরও কয়েকদিন এই গরম থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেট, খুলনা আর নেত্রকোনায়। সিলেটে ৩৪, নেত্রকোনায় ২ আর খুলনায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।






















