চিকিৎসককে ধর্ষণের দায়ে ৩ আসামির ফাঁসি
- আপডেট টাইম : ০৫:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / 142
৭১: রাজবাড়ীতে এক চিকিৎসককে গণধর্ষণের দায়ে তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজবাড়ীর নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমিন নিগার এই রায় ঘোষণা করেন।
এছাড়া সাজাপ্রাপ্ত সবাইকে এক লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের রানা মোল্লা, মামুন মোল্লা ও হান্নান সরদার।
রাজবাড়ী জজ আদালতের পিপি মো. উজির আলী শেখ মামলার নথির বিবরণে জানান, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে অটোরিকশায় করে শিবরামপুর যাচ্ছিলেন এই নারী চিকিৎসক। পথে নির্জন জায়গায় অটোরিকশা দাঁড় করান চালক। এসময় অটোরিকশায় আরও দুই যাত্রী ছিলেন।
পিপি বলেন, ওই তিনজনসহ অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজন মিলে রাস্তার পাশে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে সবাই অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় চিকিৎসক নারী নিজেই বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত নারী ও শিশুনির্যাতন দমন আইন ২০০০(৯/৩) ধারায় এই রায় দিয়েছেন বলে জানান তিনি।

















