ফ্রিল্যান্সারদের প্রাতিষ্ঠানিকস্বীকৃতি দিতে হবে
- আপডেট টাইম : ০৬:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / 95
৭১: ভাল আয় করা সত্ত্বেও ফ্রিল্যান্সারদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই। এতে ফ্রিল্যান্সারদের বিয়েসহ নানা সামাজিক সমস্যা হয়। তাই তাদেরকে কীভাবে সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া যায়, তা নিয়ে চিন্তা করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একনেক সভা শেষে এ তথ্য জানান।
এদিন একনেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১টি)’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৭৯৮ কোটি ৯১ লাখ টাকা। এ প্রকল্পের বিষয়ে আলোচনা করতে গিয়ে ফ্রিল্যান্সারদের বিয়ের সমস্যার কথা জানান শেখ হাসিনা।
এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, আইসিটি খাতে সরকার ইতোমধ্যে ভালো কাজ করেছে। ভালো আয় হচ্ছে। অনেকে লাখ লাখ টাকা আয় করেন বাসায় থেকে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ফ্রিল্যান্সাররা এত ভালো কাজ করে, স্মার্ট, সুন্দর কাপড় পরে, কিন্তু বিয়ে করতে গিয়ে অসুবিধা হয়। শ্বশুরবাড়ি থেকে বলে, কী কাজ করো? তারা বলে, ফ্রিল্যান্সিং করি। তারা না কেরানি, না অফিসার, না পুলিশ। অথচ তারা কেরানি, অফিসারের চেয়ে কয়েক গুণ বেশি আয় করে। কিন্তু বিয়ে করতে পারছে না। এটা দূর করার জন্য উপায় খুঁজতে হবে।
এমএ মান্নান জানান, সরকারপ্রধান বৈঠকে উপস্থিত সবাইকে বলেছেন, এ বিষয়ে আপনারা চিন্তাভাবনা করেন। ফ্রিল্যান্সাররা এই যে কাজ করছে এর সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি কীভাবে দেওয়া যায় তার উপায় বের করেন। রেজিস্ট্রেশন পেতে পারে কি-না, সদস্য হতে পারে কি-না বা সার্টিফিকেট কেউ দিতে পারে কি-না। বিষয়টা নিয়ে চিন্তা করেন।
পরিকল্পনামন্ত্রী জানান, সিনেমা হল বাঁচাতে বিশেষ উদ্যোগের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সিনেমা হল মালিকরা চাইলে সরকার তাদেরকে ঋণ দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করবে। এ জন্য বিশেষ তহবিল গঠনেরও প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘সিনেমা হল মালিকরা কেউ আসে না, কেউ ভাড়া দিয়ে গেছে। কেউ বিক্রি করে দিয়েছে। কেউ বহুতল ভবনও করছে। সিনেমা হল মালিকরা সকলে মিলে যদি ঋণ চায়, তাহলে তা দেওয়া হবে। একটা বড় প্রকল্প। হল মালিকরা যদি সমঝোতা করতে চায়, চালাতে চায়, তাহলে তাদেরকে আমরা সহযোগিতা করব। ’






















