সিনহার মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট টাইম : ০৬:৩৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
- / 138
৭১: টেকনাফে সাবেক মেজর সিনহার মৃত্যুর ঘটনায় তদন্তে যারাই দোষী সাব্যস্ত হবে, তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২ জন ছাড়া বাকি ৭ জন কোর্টে হাজির হয়েছেন। আত্মসমর্পণ করার পরে বিজ্ঞ আদালত কি নির্দেশনা দিয়েছেন সেই অফিসিয়াল নির্দেশনা এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। পৌঁছানোর পরে আমরা বলতে পারবো কি নির্দেশনা দিয়েছেন। যেহেতু মামলা হয়েছে মাননীয় আদালত এটা সম্পন্ন করবেন।
এ সময় মেজর সিনহার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহা হত্যা মামলার সাবেক ওসি প্রদীপসহ ৩ আসামিকে ৭ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বাকি ৪ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)। তার গাড়িতে থাকা তার সঙ্গী সিফাতের ভাষ্যমতে, সিনহাকে কোনোরূপ জিজ্ঞাসাবাদ ছাড়াই চেকপোস্টে গাড়ি থেকে নামতে বলে চার রাউন্ড গুলি ছুঁড়ে হত্যা করেন পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই লিয়াকত আলী।






















