ঘুরেফিরে এক দলের হাতেই পশুর হাট!
- আপডেট টাইম : ০৪:৫৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / 94
৭১: মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরই জমে উঠে পশুর হাট। নিয়মিত হাটের বাইরে এ হাট গুরুত্ব পায় ব্যবসায়ীদের কাছে। অনেকেই বছরে শুধু কোরবানির হাটের ইজারাদারি করে থাকেন। এ ব্যবসায় কখনো কখনো ভাগ বসান রাজনৈতিক নেতাকর্মীরা।
নিজেদের প্রভাবে সাধরণ ব্যবসায়ীদের চাপে ফেলে টেন্ডার ভাগিয়ে নেন। বিগত দিনেও রাজধানীর হাটের নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে। এবার দু-একটি নতুনমুখ যুক্ত হলেও তেমন ব্যতিক্রম দেখা যায়নি। তবে নেতৃবৃন্দরা বলছেন, যথাযথ নিয়ম অনুসরণ করে দরপত্রের মাধ্যমে তারা হাটের ইজারা পেয়েছেন।
জানা গেছে, করোনার দুর্যোগের কারণে এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) এলাকায় মোট ১৭টি স্থানে কোরবানির পশুর হাটের অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে ডিএনসিসি এলাকায় একটি স্থায়ী এবং অস্থায়ী ৫টিসহ মোট ৬টি, অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বসিয়েছে ১১টি হাট। সব হাটগুলোতেই টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তবে নির্ধারিত কিছু লোকের বাইরে ইজারার সিডিউল অন্য কাউকে কিনতে দেয়া হয়নি। আর এ জন্য তারা নগর ভবনের বাইরে টেন্ডার প্রক্রিয়া চলাকালীন কড়া পাহারাও বসানো হয়েছিল বলে জানিয়েছেন টেন্ডারে অংশ নেয়া পুরানা পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অন্য এক ইজারাদার বলেন, বর্তমানে সবাই আওয়ামী লীগ করে তাই এ দলের লোক ছাড়া টেন্ডার প্রক্রিয়ায় অন্য কারো অংশগ্রহণ আসবে কিভাবে।’
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্পত্তি বিভাগের এক কর্মকর্তা জানান, কোরবানি উপলক্ষে বসানো পশুর হাটের ইজারা নিয়ে ডিএসসিসি অভ্যন্তরে টেন্ডার প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হয়নি। তবে যদি কিছু ঘটে তবে তা বাইরে।
জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোরবানি উপলক্ষে বসানো হাটের মধ্যে উত্তরা ১৭ নম্বর সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ ভবন পর্যন্ত খালি জায়গায় বসানো হাটের ইজারাদার মো. নূর হোসেন তুরাগ থানা আওয়ামী লীগের অর্থ সম্পাদক; কাওলা শিয়াল ডাঙ্গা সংলগ্ন খালি জায়গায় বসানো হাটের ইজারাদার মো. রুবেল শওকত তিতুমীর কলেজের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে উত্তরখান থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা; ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পাশের খালি জায়গায় বসানো হাটের ইজারাদার মো. মাহমুদুল হাসান খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক; ভাটারা (সাইদ নগর) পশুর হাটের ইজারাদার মো. সিদ্দিকুর রহমান ছোলমাইদ বিদ্যালয়ের সভাপতি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গায় বসানো হাটের ইজারাদার মো. পারভেজ মিয়া উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কোরবানি উপলক্ষে ১১টি পশুর হাট বসিয়েছে। এসব হাটের ১ জন ছাড়া অন্যান্য ইজারাদারগণ সরকারদলীয় লোক বলে জানা গেছে। এর মধ্যে উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গায় বসানো হাটের ইজারাদার এ.এম.এম এন্টারপ্রাইজের প্রোপাইটার মো. আব্দুল লতিফ শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি; হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির মাঠ সংলগ্ন উন্মুক্ত এলাকায় বসানো পশুর হাটের ইজারাদার ইয়াফেজ আহম্মেদ ঢাকা মহানগর দক্ষিণের ১৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি; সাদেক হোসেন খোকা মাঠের পাশে ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত জায়গায় বসানো পশুর হাটের ইজারাদার আসাদুজ্জামান খান ৪৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি; আমুলিয়া মডেল টাউনের খালি জায়গায় বসানো হাটের ইজারাদার মো. আহসান উল্লাহ স্থানীয় আওয়ামী লীগ নেতা; রহমতগঞ্জ খেলার মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গায় বসানো পশুর হাটের ইজারাদার রহমতগঞ্জ মুসলিম সোসাইটি সভাপতির পক্ষে সহ-সভাপতি সফি মাহমুদ একজন ব্যবসায়ী, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গায় বসানো হাটের ইজারাদার মো. মঈন উদ্দিন চিশতী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে স্থানীয়সূত্রে জানা যায় তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা; লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গায় বসানো পশুর হাটের ইজারাদার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কথা বলা সম্ভব হয়নি, তবে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এছাড়া আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লাক-ই; এফ জি এইচ ও সেকশন-১ ও ২ এর খালি জায়গা বসানো পশুর হাটের ইজারাদার মোহাম্মদ রায়হান ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে বাড্ডা থানা আওয়ামী লীগের নেতা; মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গায় বসানো পশুর হাটের ইজারাদার ময়েনউদ্দিন মিলন খিলগাঁও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক; দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গায় বসানো হাটের ইজারাদার কামরুজ্জামান ঢাকা মহানগর দক্ষিণের ৬২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং ধুপখোলা মাঠ সংলগ্ন খালি জায়গাতে বসানো পশুর হাটের ইজারাদার হাসান আসকারী ৪৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।
ডিএসসিসি থেকে জানানো হয় করোনা সংক্রমণ রোধে সরকার/স্বাস্থ্য অধিদফতর/সিটি করপোরেশন কর্তৃক যদি আরো কোনো শর্ত/বিধি-নিষেধ আরোপ করা হয় তবে ইজারাদারকে তা আবশ্যিকভাবে পালন করতে হবে। অন্যথায় করোনা রোধ সংক্রান্ত স্বাস্থ্যবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এবং সিটি করপোরেশন আইন-২০০৯ ও তৎসংশ্লিষ্ট অন্যান্য আইন-বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় সংস্থা দুটি।
ঈদের মাত্র আর ২ দিন বাকি থাকলেও তেমন জমেনি রাজধানীর পশু হাটের কেনাবেচা। ঢিলেঢালাভাবেই চলছে কোরবানির পশুর দর-দাম। কেনাবেচার এ অবস্থা থাকলে কোরাবনির জন্য তৈরি গরু হাট থেকে ফিরিয়েই নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন বেপারিরা। আর শেষমেশ পথে বসতে হবে অনেক খামারি ও বেপারিদের। এমন আশঙ্কাই ভর করেছে তাদের মাথায়।






















