নারীর ক্ষমতায়ন চাই, কিন্তু পাপিয়ার মতো কোনও দুর্বৃত্তের যেন জন্ম না হয়
- আপডেট টাইম : ১০:৩৮:০১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / 156
নিউজ লাইট ৭১: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, নারীর ক্ষমতায়ন চাই, কিন্তু পাপিয়ার মতো কোনও দুর্বৃত্তের যেন জন্ম না হয়। তিনি বলেন, ‘পাপিয়ার মতো দুর্বৃত্তের জন্ম হলে নারীর ক্ষমতায়ন অর্থহীন হয়ে যাবে।’
রোববার (০৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবে মাওলানা মুহাম্মদ আকরম খাঁ হলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, আজ বিশ্ব নারী দিবস। এটি একটি বড় দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই নারীদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়েছেন। আমরা মনে প্রাণে নারীর ক্ষমতায়ন চাই, কিন্তু পাপিয়ার মতো দুর্বৃত্তের জন্ম হলে নারীর ক্ষমতায়ন অর্থহীন হয়ে যাবে।
তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়নের যুগেও যখন শুনি, নারী নির্যাতন হয়েছে তখন কষ্ট লাগে, দুঃখ লাগে। শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর বাংলাদেশে কেন নারী নির্যাতন হবে। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি— এই পাশবিক নির্যাতন যারা করে, তাদের দ্রুত বিচার আইনের মাধ্যমে সংক্ষিপ্ত সময়ে বিচারকার্য করেন। প্রয়োজনে ফাঁসি দেন।’
তিনি আরও বলেন, ‘দেশে সবক্ষেত্রেই নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন হয়েছে। বাংলাদেশে আজ প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকার নারী। আমি চাই, রাষ্ট্রপতিও একজন নারী হোক— এই অপেক্ষায় আছি।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে স্মরণ সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি কন্ঠশিল্পী রফিকুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।


















