আইটি এবং নেটওয়ার্ক কাঠামো বিনির্মাণে সেনাবাহিনী ও(বিটিসিএল) সমঝোতা স্মারক সই
- আপডেট টাইম : ০৯:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / 174
নিউজ লাইট ৭১: টেকসই আইটি এবং নেটওয়ার্ক কাঠামো বিনির্মাণে সেনাবাহিনী ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সমঝোতা স্মারক সই করেছে।
গত রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেনাবাহিনীর সেনাসদর, আইটি পরিদপ্তর ও সিগন্যালস পরিদপ্তর এবং বিটিসিএলের মধ্যে এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তঃবাহিনী
জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
এতে বলা হয়, এই চুক্তির আওতায় সেনাবাহিনী এবং বিটিসিএল তাদের নিজেদের দক্ষ জনবল কাজে লাগিয়ে সরকারের টেকসই আইটি এবং নেটওয়ার্ক কাঠামো বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে।
নিজেদের মধ্যে আইটি ও টেলিকম অবকাঠামো আদান-প্রদান, সরকারের বিভিন্ন আইটি এবং টেলিকম প্রজেক্টে দক্ষ ও কারিগরি সহযোগিতার মাধ্যমে গৃহীত বিভিন্ন প্রজেক্ট স্বল্প সময়ে সম্পাদনসহ গ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় আইটি ও ইন্টারনেট সহজ লভ্য করা সম্ভব হবে।
এছাড়াও সেনা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠিত ট্রাস্ট ইনোভেশন লিমিটেড কর্তৃক বিটিসিএলের বিভিন্ন প্রজেক্টে কারিগরি সহায়তা করবে।
এই স্মারক সম্পাদনের মাধ্যমে সেনাবাহিনী ও বিটিসিএল দেশের আইটি ও নেটওয়ার্ক সেক্টরকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে যা সরকারের এসডিজি বাস্তবায়নে প্রত্যক্ষভাবে অবদান রাখবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমত উল্লাহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সফিকুর রহমান।



















