সিগারেট খাতে রাজস্ব ফাঁকি
- আপডেট টাইম : ০৫:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 2
সিগারেট খাতে রাজস্ব ফাঁকি, নকল ব্যান্ডরোল ও অবৈধ তামাকপণ্যের বিস্তার ঠেকাতে নজরদারি জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ অর্থবছরে এ খাত থেকে ৪৭ হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব আদায় হলেও গবেষণা অনুযায়ী, বিভিন্ন পর্যায়ে আরও কয়েক হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি যাচ্ছে।
সম্প্রতি মানিকগঞ্জের শিবালয়ে একটি তামাক কারখানায় অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৯০ হাজার শলাকা সিগারেট ও ১৩ হাজার অব্যবহৃত নকল ব্যান্ডরোল জব্দ করা হয়। এর আগে পাবনার ঈশ্বরদীতেও অভিযানে প্রায় ৯ কোটি টাকা রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া যায়।
এনবিআর সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব ফাঁকি ও জাল ব্যান্ডরোল চক্রের বিরুদ্ধে প্রায় ১৮ হাজার অভিযান চালানো হয়েছে। এরপরও নকল সিগারেট, পুনর্ব্যবহৃত ব্যান্ডরোল, চোরাচালান এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রির মতো অনিয়ম অব্যাহত রয়েছে।
রাজস্ব ফাঁকি ঠেকাতে এনবিআর ১১ সদস্যের একটি কেন্দ্রীয় মনিটরিং কমিটি এবং দেশের বিভিন্ন কাস্টমস ও ভ্যাট কমিশনারেটের অধীনে ২৭টি বিশেষ এনফোর্সমেন্ট টিম গঠন করেছে। এসব দল কাঁচা তামাক সংগ্রহ থেকে শুরু করে কারখানা, সরবরাহ ব্যবস্থা ও খুচরা বাজার পর্যন্ত তদারকি করবে।
এনবিআরের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে শুধু বৃহৎ করদাতা ইউনিট থেকে সিগারেট খাতে ৪৩ হাজার ৬৩৮ কোটি টাকা রাজস্ব এসেছে। আগের অর্থবছরে এ খাত থেকে মোট রাজস্ব আদায় হয়েছিল ৪০ হাজার ৪১১ কোটি টাকা।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউরো অব ইকোনমিক রিসার্চ ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসির যৌথ গবেষণায় বলা হয়েছে, শুধু নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রির কারণেই বছরে প্রায় ৫ হাজার ১৮২ কোটি টাকা রাজস্ব ফাঁকি হচ্ছে। নকল ও অবৈধ তামাকপণ্যের হিসাব যুক্ত হলে এ ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, তামাক খাতে রাজস্ব ফাঁকি বন্ধে শুধু অভিযান নয়, উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থাকে ডিজিটাল নজরদারির আওতায় আনা জরুরি। পাশাপাশি নকল ও অবৈধ সিগারেট শনাক্তে ব্যান্ডরোল ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।
এনবিআর জানিয়েছে, ২৭টি এনফোর্সমেন্ট টিম সপ্তাহে অন্তত পাঁচ দিন বাজার, কারখানা ও খুচরা দোকানে অভিযান চালাবে। নকল সিগারেট ও জাল ব্যান্ডরোল নির্মূলের পাশাপাশি অবৈধ তামাকপণ্যের সরবরাহ বন্ধ করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।
নিউজ লাইট ৭১






















