৩২ এ আওয়ামী লীগের ব্যানার টানানোর অভিযোগ
- আপডেট টাইম : ০৬:৩৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 2
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ছবি সংবলিত একটি ব্যানার টানানোর অভিযোগ উঠেছে।
শনিবার (২৯ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। ব্যানারটির নিচে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের নাম রয়েছে। এতে লেখা ছিল—‘৩২ ভাঙার প্রতিশোধ হবে ভয়ংকর’।
ব্যানার টানানোর অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় দুই পাশে পুলিশের কঠোর নিরাপত্তা থাকা এবং সড়কের উভয় পাশের প্রবেশপথে সাধারণ মানুষের চলাচল বন্ধ থাকার পরও কীভাবে সেখানে এমন একটি ব্যানার টানানো সম্ভব হলো।
এ ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তবে অভিযোগের বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম ভিন্ন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যে ভিডিওটি নিয়ে আলোচনা হচ্ছে, সেটি পুরোনো।
নিউজ লাইট ৭১






















