চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ
- আপডেট টাইম : ১০:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / 139
নিউজ লাইট ৭১: চীনের প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চীন ও বাংলাদেশের মধ্যে সাময়িকভাবে চীনা নাগরিকদের যাতায়াত নিয়ন্ত্রণ করতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইটালি সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নিয়ম করেছি যে, এখানে যেসব চীনা নাগরিক কর্মরত আছেন, তারা যেন এখন চীনে না যান। একইভাবে যারা চীন থেকে আসেন, তাদের অন অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তারা আসতে হলে ভিসা নিয়ে আসতে হবে এবং ভিসা আবেদনের সঙ্গে একটি মেডিক্যাল সার্টিফিকেট দিতে হবে।
তিনি জানান, এটি সাময়িক, আমরা চীনা রাষ্ট্রদূতকে জানিয়েছি। এতে তাদেরও কোনও আপত্তি নেই। আমরা যাতায়াত নিয়ন্ত্রণ করতে চাইছি। আমরা তাদেরকে অনুরোধ করেছি, তাদের প্রকল্পে চীন থেকে নতুন লোক নিয়োগ না দিলে ভালো হয়।
বাণিজ্যিক ক্ষেত্রে এটি কোনও সমস্যা হবে কিনা, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক। এর কোনও প্রভাব বাণিজ্যে পড়বে না।’
তিনি বলেন, এরইমধ্যে চীনের উহান থেকে বাংলাদেশিদের ঢাকায় ফেরত নিয়ে আসা হয়েছে। তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


















