আমরা নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছি : শেখ হাসিনা
- আপডেট টাইম : ০৬:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / 41
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন কমিশনকে আমরা স্বাধীন করে দিয়েছি। কারণ, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। যেহেতু গণতন্ত্র অব্যাহত রয়েছে, তাই মানুষ শান্তিতে আছে। মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। তাই আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না। আমরা (আওয়ামী লীগ) ভোট ও ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি।
সোমবার (১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে আছে। বিএনপির চুরি-দুর্নীতি ও সন্ত্রাসের কারণে জনগণ ২০০৮ সালে প্রত্যাখ্যান করেছে। জ্বালাও-পোড়াও, মানুষ খুন করা এটাই তারা শুধু জানে।
এর আগে, দুপুর থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নেতারা মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিয়ন, ইউনিটের নেতারা আলাদা মিছিল নিয়ে আসছেন। ঢাকার দুই সিটির কাউন্সিলররাও লোকজন নিয়ে জনসভায় আসেন। মিছিলে ঢাকঢোল পেটানোর পাশাপাশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু‘,‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’সহ নানান নির্বাচনী স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এছাড়াও ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরাও এসেছেন সদলবলে। এ সময় তাদের অনুসারীদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।
নিউজ লাইট ৭১






















