পূর্ণতা পাচ্ছে মেট্রোরেল
- আপডেট টাইম : ০৮:৩৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / 50
মেট্রোরেলের একাংশ (উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত) উদ্বোধন করা হয় প্রায় ১০ মাস আগে। এজন্য এর পূর্ণ সুবিধা থেকে এতদিন বঞ্চিত ছিল রাজধানীবাসী। তবে এবার সেই আক্ষেপ ঘুচছে। আজ শনিবার মেট্রোরেলের দ্বিতীয় অংশের (আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন রোববার থেকে এই রুটে যাতায়াত করতে পারবেন সাধারণ যাত্রীরা। এর ফলে দেশের প্রথম মেট্রোরেল কার্যত পূর্ণতা পেতে যাচ্ছে।
উদ্বোধনের বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, এটি উদ্বোধনের পর আমাদের আর থাকলো চারটি স্টেশন। যেগুলো আগামী চার মাসের মধ্যে পরিপূর্ণভাবে চালু করে দেয়া যাবে।
জানা গেছে, শুরুতে মেট্রো ট্রেন থামবে আগারগাঁও থেকে মতিঝিল রুটে সচিবালয় ও ফার্মগেট স্টেশনে। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, কারওয়ানবাজার ও বিজয়সরণী স্টেশনগুলো চালু হবে ধাপে ধাপে।






















