আওয়ামী লীগের সমাবেশে নেতাকর্মীদের ঢল
- আপডেট টাইম : ০৭:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / 28
রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটের সামনে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার বিকেল ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুর দেড়টার দিকে রাজধানীতে ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টি বিড়ম্বনায় ফেলালেও তা উপেক্ষা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে ঢাকা বিভাগীয় ‘শান্তি সমাবেশে’ আসছেন নেতাকর্মীরা৷
বৃষ্টিতে আগেভাগে আসা অনেক নেতাকর্মী ভিজে একাকার হয়ে যায়। অনেকে আশপাশে আশ্রয় নিলেও কেউ কেউ ভিজে একাকার হয়েছেন। তারপরেও অনেকে বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসছেন।
সমাবেশ মঞ্চের সামনে উপস্থিত হওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের একাংশের নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজেই নানা ধরনের স্লোগান দিচ্ছেন। বৃষ্টি যেন তাদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলেছে৷
ঢাকার বাইরে থেকে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজেই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। অনেক নারীকেও বৃষ্টির মধ্যে সমাবেশ আসতে দেখা গেছে।
বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা বিভাগীয় শান্তির সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।
শান্তি সমাবেশ সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলের শামস পরশ। সমাবেশটি সঞ্চালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল।
নিউজ লাইট ৭১






















