মাস্ক পরা ছেড়ে দিলে বিপদ
- আপডেট টাইম : ০৭:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / 63
টিকা নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন, এমন রোগীর সংখ্যাও রয়েছে; তাই শুধু টিকার ওপর নির্ভর করে মাস্ক পরা ছেড়ে দিলে বিপদ বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।
তিনি নিউজ লাইট ৭১ কে বলেন, হাসপাতালে করোনা রোগী বাড়ছে। কিছুদিন আগেও সব হাসপাতালের বেড খালি ছিল। এখন সব হাসপাতালেই রোগী আছে। তার মানে আক্রান্তদের একটা অংশকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। সুতরাং করোনা থেকে বাঁচতে হলে টিকা নিতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে-এটাই মূল বিষয়।
এই বিশেষজ্ঞ বলেন, এখনো হাসপাতালে করোনা রোগীর সংখ্যা কম। সুতরাং বোঝা যাচ্ছে জটিলতা কম। কিন্তু যেকোনো সময় জটিলতা হতে পারে। কারণ এখনো মহামারী চলে। যারা এখনো দ্বিতীয় ডোজ টিকা নেননি, তার ঝুঁকির মধ্যেই আছেন। দুই ডোজ টিকা না নিলে টিকা কাজ করে না।
তবে এখন মারা যাচ্ছেন যারা, তাদের বেশির ভাগই বয়স্ক মানুষ- বলে জানান এই বৈজ্ঞানিক কর্মকর্তা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত মে মাসের শুরু থেকেই দেশে আবার করোনা রোগী বাড়তে শুরু করে। ১০ মে ১০ জন রোগী শনাক্ত হয়, ৩১ মে রোগী শনাক্ত হয় ২৬ জন। মাসের বেশির ভাগ দিনই দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ৩০ জনের ওপরে ছিল।
জুনে রোগীর সংখ্যা আরও বাড়তে থাকে। ১ জুন রোগী শনাক্ত হয় ৩৪ জন। ৭ জুন সেই সংখ্যা বেড়ে ৫৪ জন হয়। এরপর ১২ জুন দৈনিক রোগী একশোর ওপরে উঠে যায় এবং দুদিন পর তা দুইশোর ঘর ছাড়িয়ে যায়। এরপর রোগী বাড়তে বাড়তে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৮০ জনে।
করোনা সংক্রমণের হারও বাড়ছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৬৬ শতাংশ। অথচ ২০ দিন আগে ৬ জুন শনাক্তের হার ছিল ১ শতাংশের নিচে, শূন্য দশমিক ৯৯ শতাংশ।
নিউজ লাইট ৭১

















