ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট টাইম : ০১:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / 70
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় মিলন সিংহ (৪২) নামে এক ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এই রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিলন সিংহ ভারতের মালদা জেলার বৈষ্টম নগর থানার সুখদেবপুর এলাকার মৃত রতন সিংহের ছেলে।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ৩১ জানুয়ারি জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর কাপিরা টোলা এলাকায় অভিযান চালিয়ে ৭টি বিদেশি পিস্তল ও ৪৭ রাউন্ড গুলিসহ মিলন সিংহকে গ্রেপ্তার করে র্যাব। তিনি ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। বিনা লাইসেন্সে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশ সীমান্তে অবস্থান করেন। পরে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র ও অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেন এসআই গোলাম সারোয়ার।
পরে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের এসআই মাহমুদুল হাসান ও শিবগঞ্জ থানার এসআই বাবুল হোসেন তদন্ত শেষে ২০১৮ সালের ১ মার্চ মিলন সিংহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালতের বিচারক মিলন সিংহকে দোষী করে রায় দিলেন।
এই মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন আব্দুল ওয়াদুদ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা।
নিউজ লাইট ৭১

















