পররাষ্ট্র মন্ত্রণালয়েই মানবাধিকার সেল চালু হতে যাচ্ছে
- আপডেট টাইম : ০৫:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / 23
আন্তর্জাতিক চাপ সামলাতে খোদ পররাষ্ট্র মন্ত্রণালয়েই মানবাধিকার সেল চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে নিজ দফতরে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, এ বিষয়ে জাতিসংঘের সহায়তা নেবে বাংলাদেশ সরকার। দেশের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে আরো লবিষ্ট নিয়োগ করা হবে বলে জানান তিনি।
বেশ কিছুদিন ধরে মানবাধিকার ইস্যুতে ভীষণ চাপে আছে বাংলাদেশ। সম্প্রতি তিনটি বড় ধাক্কা খেয়েছে সরকার। সেগুলো হচ্ছে, র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, র্যাবের ওপর নিষেধজ্ঞা দিতে ইইউতে এক সদস্যের চিঠি এবং শান্তিরক্ষা মিশন থেকে র্যাবকে বাদ দিতে জাতিসংঘে ১২ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি।
র্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেন পররাষ্ট্র সচিব। তিনি জানান, বিশ্ব দরবারে র্যাবের ভাবমূর্তি তুলে ধরতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। সেই উদ্যোগের একটি হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার সেল।
সচিব বলছে, এসব ঘটনা দেশের বিরুদ্ধে বিএনপির লবিষ্ট নিয়োগের প্রভাব। পররাষ্ট্র মন্ত্রণালয় বিরোধীপক্ষের এসব কর্মকাণ্ড আঁচ করতে পারেনি বলেও জানান তিনি।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আরো জানান, সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সাথে ভার্চুয়াল বৈঠক হচ্ছে। করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে এলে শুরু হবে মুখোমুখি আলোচনা। সচিব জানান, মন্ত্রী বা প্রতিমন্ত্রী পর্যায়ে বৈঠকের বিষয়েও ওয়াশিংটনে জানানো হয়েছে।
নিউজ লাইট ৭১























