পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে লাগবে ‘ডোপ টেস্ট সার্টিফিকেট’
- আপডেট টাইম : ০৫:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / 26
আজ রোববার (৩০ জানুয়ারি) থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স গ্রহণ কিংবা নবায়নের জন্য প্রার্থীর ডোপ টেস্ট সার্টিফিকেট দাখিল করতে হবে।যারা মাদকাসক্ত নন, তারাই কেবল পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন। অপেশাদার লাইসেন্সের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক নয়।
মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো বন্ধ করতে এ সিদ্ধান্ত নিয়ে বিআরটিএ। সম্প্রতি এ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএ চেয়ারম্যানের পাঠানো পরিপত্রে বলা হয়েছে, যারা মাদকাসক্ত নন, বাণিজ্যিক পরিবহন, ভাড়ায় চালিত গাড়ি অথবা সরকারি বাহনের চালক হিসেবে কাজ করতে হলে পেশাদার লাইসেন্স থাকা আবশ্যক। পরিপত্রে বলা হয়েছে, মাদক পরীক্ষা সব জেলা পর্যায়ের সরকারি হাসপাতাল, ঢাকা শহরের ৬টি হাসপাতাল ও সরকারের মাদক নিয়ন্ত্রণ বিভাগের অনুমোদিত সব ল্যাবরেটরিতে মাদক পরীক্ষা করা যাবে।
ঢাকার ৬টি হাসপাতাল হলো-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
উল্লেখ্য, ২০২০ সালের ২২ অক্টোবর জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃপক্ষকে চালকদের মাদক পরীক্ষার আওতায় আনার নির্দেশ দেন। সেই নির্দেশনা দেয়ার প্রায় দেড় বছর পর বিআরটিএ বাস্তবায়ন শুরু করেছে।
নিউজ লাইট ৭১























