চলতি অর্থবছরে বিভিন্ন দেশে আট লাখ লোকের কর্মসংস্থানের লক্ষ্যে
- আপডেট টাইম : ১২:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / 69
চলতি অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে আট লাখ লোকের কর্মসংস্থানের লক্ষ্যের কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খুলে দেওয়ার সুখবরের মধ্যেই নতুন এই তথ্য জানালো মন্ত্রণালয়।
শুক্রবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সচিব আহমেদ মুনিরুছ সালেহীন ২০২১-২২ অর্থবছরে বিদেশে কর্মী পাঠানোর হিসাবে এমন আশার কথা বলেন।
সচিব বলেন, সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে ২০২১-২২ অর্থবছরের প্রথম চার মাসেই আড়াই লক্ষাধিক কর্মীর কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে গত নভেম্বর মাসে ১ লক্ষ ২ হাজার ৮৬৩ জন কর্মী বিদেশে গেছেন। আমাদের প্রত্যাশা, বিদেশ গমনের এই ধারা অব্যাহত থাকলে এ অর্থবছরে সাত থেকে আট লাখ লোকের বিদেশে কর্মসংস্থান হবে।
মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মন্ত্রীর নেতৃত্বে, আমাদের অক্লান্ত প্রচেষ্টার ফলে শ্রমবাজারটি পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে। শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আমরা আশা করছি।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে মালয়েশিয়ায় বিভিন্ন খাতে বহু বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সচিব আহমেদ মুনিরুছ সালেহীন।
এর আগে গত ১১ ডিসেম্বর মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে নতুন করে বাংলাদেশি কর্মীদের আর ভিসা দেয়নি মালয়েশিয়া। তবে আগে যারা ভিসা পেয়েছিলেন, তারা পরেও মালয়েশিয়া যাওয়ার সুযোগ পান।
সংবাদ সম্মেলনে আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, সম্প্রতি মাননীয় মন্ত্রী গ্রিসের সঙ্গে একটি আগ্রহপত্র স্বাক্ষর করেছেন। একইভাবে আলবেনিয়া, মাল্টা ও বসনিয়ার সঙ্গেও কর্মী পাঠানোর জন্য চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।
নতুন শ্রমবাজার হিসেবে কম্বোডিয়া, উজবেকিস্তান, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, ক্রোয়েশিয়াসহ আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ এবং জাপান, সেনেগাল, বুরুন্ডি, সেশেলস, মালয়েশিয়ার সারওয়াকে কর্মী পাঠানো শুরু হয়েছে।
নিউজ লাইট ৭১





















