গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে পরোটা-সিঙ্গারা-সমুচার দামও দ্বিগুণ!
- আপডেট টাইম : ০৬:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / 76
গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে পরোটা, সিঙ্গারা, সমুচা জাতীয় ফাস্ট ফুড জাতীয় খাদ্যের মূল্য দ্বিগুণ বৃদ্ধির ঘটনা ঘটেছে ফরিদপুরের বোয়ালমারীতে। এতে বেকায়দায় পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নআয়ের লোকেরা।
যারা নিয়মিত সকাল ও রাতে হোটেল-রেস্তোরাঁয় রুটি ও পরোটা খাবারের ওপর নির্ভরশীল, দ্বিগুণ মূল্য বৃদ্ধিতে তাদের মাথায় হাত। এছাড়া সিঙ্গারা, সমুচার মূল্যও দ্বিগুণ করা হয়েছে।
জানা যায়, সম্প্রতি কয়েক ধাপে গ্যাসের মূল্য সিলিন্ডার প্রতি প্রায় ৩০০-৪০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এই অজুহাতে বোয়ালমারী পৌরসভার বিভিন্ন হোটেলে রুটি, পরোটা, সিঙ্গারা ও সমুচার মূল্য ৫ টাকা থেকে দ্বিগুণ করে ১০ টাকা করা হয়েছে।
মূল্য বৃদ্ধি পাওয়ার বিষয়ে চতুল ইউনিয়নের বাসিন্দা জানান, হালকা খাবার হিসেবে এলাকায় সিঙ্গারা, সমুচার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। একেবারে দ্বিগুণ মূল্য বৃদ্ধি করা উচিত হয়নি। নিম্নবিত্ত-নিম্নমধ্যবিত্তদের জন্য এটা নিঃসন্দেহে বোঝা।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, আমাদের যখন পরবর্তীতে ব্যবসায়ীদের নিয়ে মিটিং হবে বা উপজেলা পরিষদের সাধারণ সভা হবে, তখন এটা উত্থাপন করলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।
নিউজ লাইট ৭১





















