করোনা মহামারীতে পুলিশ মানুষের প্রশংসা কুড়িয়েছে
- আপডেট টাইম : ০৭:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / 64
করোনা পরিস্থিতিতে যখন আত্মীয়-স্বজনও ত্যাগ করে চলে গেছে, তখন পুলিশ জনগণের পাশে দাঁড়িয়েছে। তাই করোনা মহামারীতে পুলিশ মানুষের প্রশংসা কুড়িয়েছে, বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
সোমবার (১৪ জুন) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বহিরাগত ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই)-২০২০ ব্যাচের একবছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
জনগণের সাংবিধানিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠায় সরকার বিভিন্ন আইনকে সংস্কারের মাধ্যমে যুগোপযোগী করেছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘জনগণকে আইনি সহায়তা দেয়ার ক্ষেত্রে তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যদের দ্রুত ব্যবস্থা নিতে হবে। পুলিশের প্রতিটি সদস্যকে নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ সব সেবাপ্রত্যাশী জনগণের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে।’
দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ড. বেনজীর আহমেদ আরও বলেন, ‘অপরাধ ও কৌশল মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা অর্জন একটি মাইলফলক। ফরেনসিক, ডিজিটাল ফরেনসিক, ডিএনএ পরীক্ষা, আইপিডিআর অ্যানালাইসিস, সাইবার ক্রাইম, ফিন্যানসিয়াল ক্রাইম, ভিকটিম সাপোর্ট সেন্টার, নারী ও শিশু ডেক্স, বিট পুলিশিং, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং অন্যান্য আরও সেবা চালু করেছে। ফলে দেশের পুলিশ বিভাগ আরও উন্নত হচ্ছে।’
এর আগে আইজিপি কুচকাওয়াজ পরিদর্শন করেন। প্যারেডে ৫৭ জন নারীসহ মোট এক হাজার ২৩১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্যারেড পরিদর্শণ শেষে আইজিপি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন পুলিশ কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রশিক্ষণে ছেলেদের মধ্য থেকে শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হন তানভীর আহমদ। মেয়েদের মধ্য থেকে শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হন নাসরিন সুলতানা জ্যোতি।
উক্ত অনুষ্ঠানে পুলিশ একাডেমির অধ্যক্ষ খন্দকার গোলাম ফারুক, পুনাক সভানেত্রী বেগম জীশান মীর্জাসহ পুলিশের অতিরিক্ত আইজিপিরা, অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা, রাজশাহী বিভাগের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ রাজশাহী-নাটোর জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
নিউজ লাইট ৭১























