মাছের খামার করার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট টাইম : ০৭:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / 50
দেশের জনগণের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি পূরণের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২২ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্যে এ কথা জানান শেখ হাসিনা।
সবচেয়ে নিরাপদ পুষ্টি মাছই দেয়, এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “একজন মানুষ যদি ৬০ গ্রাম মাছ খেতে পারে, তাহলে তার জন্য সেটি যথেষ্ট। সেই সুযোগটা সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে আমরা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করছি।”
সরকারপ্রধান আরও বলেন, “আমি বলব, যেকোনো তরুণ লেখাপড়া শিখে চাকরির পেছনে না ছুটে নিজেরাই যদি মৎস্য খামার করে, মাছ উৎপাদন করে এবং সেটা যদি বিক্রি করে, তাহলে ভালো পয়সা পেতে পারে।”
নদী-জলাধার সংরক্ষণে সরকারের নেওয়া উদ্যোগের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, “এখানে যাতে আরও বেশি মাছ উৎপাদন হয়, সে ব্যবস্থা করছি। মাছের উৎপাদন আগে যেখানে ২৭ লাখ মেট্রিক টন ছিল, সেখানে এখন প্রায় ৫০ লাখ মেট্রিক টনের কাছাকাছি উৎপাদন হচ্ছে। ইলিশ উৎপাদনে আমরা বিশ্বের ১ নম্বর দেশ।”
এ সময় ইলিশ উৎপাদনের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ ও মৎসজীবীদের জন্য বিশেষ বরাদ্দ ও খাদ্যসহায়তার কথা উল্লেখ করেন তিনি।
সংগঠনকে আরও সংগঠিত করতে এবং যুবসমাজ যাতে মৎস্য উৎপাদনে উৎসাহিত হয়, সে জন্য প্রয়োজনীয় কর্মসূচি নিতে মৎস্যজীবী লীগের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতি।
অনুষ্ঠানের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভার্চুয়ালি বক্তব্য রাখেন। মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যকরী সদস্য শাহাবুদ্দীন ফরাজী, রিয়াজুল কবির কাওছার এবং মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর, সহসভাপতি মুহাম্মদ আলম প্রমুখ।
নিউজ লাইট ৭১























