পরিকল্পিতভাবে শাল্লায় হামলা চালানো হয়েছে
- আপডেট টাইম : ০৭:২২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / 76
বিদেশি অতিথিদের আগমনকে কেন্দ্র করে সরকারকে বেকায়দার ফেলার জন্য পরিকল্পিতভাবে শাল্লায় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য হাছান মাহমুদ এ অভিযোগ করেন।
তথ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে না পেরে এই ষড়যন্ত্র শুরু হয়েছে। শাল্লায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা সেই ষড়যন্ত্রের অংশ।”
হাছান মাহমুদ বলেন, “আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে পেছনে ফিরে যেতে বলবো, আয়নায় নিজেদের চেহারা দেখার জন্য।”
বিএনপির আমলে সংখ্যালঘুদের ওপর বেশি হামলা হয়েছিল উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “বিএনপি ২০০১ সালে ক্ষমতায় আসার পর কোটালীপাড়াসহ সারাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে। তাদের নির্যাতনের কারণে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আমাদের নঙ্গরখানা খুলতে হয়েছিল। তারা কেন নৌকায় ভোট দিয়েছিল তাই এই নির্যাতন চালানো হয়েছিল।”
হাছান মাহমুদ আরও বলেন, “দেশে যখন বিদেশি অতিথিরা আসছে তখন দেশে যে শান্তি, স্থিতি রয়েছে তার ওপর কালিমা রচনা করতে এবং সরকারকে বেকায়দার ফেলার জন্য পরিকল্পিতভাবে শাল্লায় এ ঘটনা ঘটানো হয়েছে। তদন্তের মাধ্যমে উঠে আসবে কারা, কোন দলের নেতারা এ ঘটনা ঘটিয়েছে বা এর পেছনে বাতাস দিয়েছে। তাদের কাউকেই তখন ছেড়ে দেওয়া হবে না।”
নিউজ লাইট ৭১























