আধা কেজি স্বর্ণসহ আটক ২
- আপডেট টাইম : ০৬:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / 136
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরাঙ্গণের পার্কিং এলাকা থেকে আধা কেজি ওজনের স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সোনার বারসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।
আটককৃতরা হলেন- আলমগীর হোসেন (৩৭) ও আমির হোসেন (৩৬)। তাদের দুজনের বাড়ি শরিয়তপুরের জাজিরা থানায়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার বেলা আনুমানিক আড়াইটার দিকে ইএ-০৮৭ বিমান যোগে মালয়েশিয়া হতে আগত যাত্রী মোঃ আলমগীর হোসেন (৩৭), পিতা- মান্নান খান, সাং- মানিক নগর, থানা- জাজিরা, জেলা- শরিয়তপুর, এবং মোঃ আমির হোসেন (৩৬), পিতা- আবুল হোসেন, সাং- দাইমুদ্দিন খলিফারকান্দি, থানা- জাজিরা, জেলা- শরিয়তপুর দ্বয়ের মালামালের মধ্যে থাকা ০৩টি ব্লেন্ডার মেশিনের ভেতরে বিশেষ কৌশলে রাখা অবস্থায় ১০০ গ্রাম ওজনের ০৫টি গোল্ডবার উদ্ধার করা হয়। এছাড়া আরো প্রায় ৫ ভরি স্বর্ণালংকার পাওয়া যায় তাদের নিকট। যার সর্বমোট বাজারমূল্য ৩৩ লাখ টাকার মত। এছাড়া তাদের দুজনের নিকট হতে ১২টি মোবাইল সেটও উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, দানেশ নামের এক মালয়েশিয়া প্রবাসী তাদের এই ব্লেন্ডার দেয়। তা দানেশের স্ত্রীর কাছে পৌঁছানোর কথা ছিলো। দানেশের বাড়িও শরিয়তপুরের জাজিরায়।
আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিউজ লাইট ৭১

















