পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে
- আপডেট টাইম : ০৫:০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / 82
পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, কোনো পুলিশ সদস্য বা কর্মকর্তা চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মাদকের বিরুদ্ধে আমরা কঠোরভাবে কাজ করছি। পুলিশের মধ্যে মাদকসেবী থাকলে তাকে বাহিনী থেকে বের করে দেয়া হচ্ছে। আমরা র্যানডমলি ডোপ টেস্ট করছি। পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের ডোপ টেস্ট করা হচ্ছে। আমরা আমাদের ঘর পরিচ্ছন্ন করতে চাই। এছাড়াও মাদক সেবন করেন না কিন্তু মাদকের সঙ্গে জড়িত, এমন পুলিশ সদস্যদেরকেও চিহ্নিত করে চাকরিচ্যুত করা হচ্ছে।
তিনি বলেন, পুলিশে ‘ব্রুটালিটি’ বা নিষ্ঠুরতা আমরা চাই না। আমরা চাই না পত্রপত্রিকায় পুলিশের ব্রুটালিটি নিয়ে খবর ছাপা হোক। আমরা খবর হতে চাই না। পুলিশের কাছে অসংখ্য আইনি ক্ষমতা রয়েছে। তাহলে কেন পেশিশক্তি ব্যবহার করতে হবে? মাথা ও বিবেকের শক্তি, আইনের শক্তি প্রয়োগ করতে হবে।
আইজিপি বলেন, সাংবাদিকরা কোটি কোটি মানুষকে মোটিভেটেড করতে পারেন। আপনি অপিনিয়ন বিল্ডার, অপিনিয়ন বিল্ড করা অনেক কঠিন কাজ। সবাই তা করতে পারেন না। যেহেতু আপনারা মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের হৃদয়ে প্রবেশ করতে পারেন সেহেতু আপনাদের কলমের শক্তি সম্পর্কে পুরোপুরি সচেতন থাকবেন এটাই প্রত্যাশা করি।
ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে সভায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
নিউজ লাইট ৭১























