ট্রাফিক কর্মকর্তাদের কঠোর নির্দেশনা
- আপডেট টাইম : ০৭:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / 107
ঢাকা মহানগরীর রাস্তা যানজটমুক্ত ও যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন ও অচল গাড়িসমূহ রেকারিং করে যান চলাচল স্বাভাবিক করতে হবে।
এ লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে পরিকল্পনা করে এটি বাস্তবায়নের জন্য ট্রাফিক কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম।
মঙ্গলবার সকালে ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত ট্রাফিক বিভাগ কর্তৃক রুজুকৃত মামলা, রেকারিং, জরিমানা ইত্যাদি সংক্রান্তে আলোচনা সভায় এমন নির্দেশনা প্রদান করেন তিনি।
ডিএমপি কমিশনার নির্দেশনায় আরো বলেন, অনেক গাড়ি ট্রাফিক পুলিশের দেয়া সিগন্যাল অমান্য করে থাকে। সিগন্যাল অমান্যকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রাস্তা যানজটমুক্ত ও যান চলাচলে শৃঙ্খলা আনয়নে রাস্তার মোড়সমূহে গাড়ি দাঁড়ানো ও যাত্রী ওঠা-নামা বন্ধ করতে হবে।
এছাড়াও বেরিবাধ এলাকার যানজট নিরসনে করণীয় সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে বেরিবাধসমূহ যানজটমুক্ত রাখার লক্ষ্যে বেরিবাধসমূহ হতে বালু ও অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলতে হবে। ড্রাইভিং লাইসেন্স ও শৃঙ্খলা সংক্রান্ত ট্রাফিক মামলা বৃদ্ধি করে চালকদের নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। বিশৃঙ্খলার সংস্কৃতি হতে বের হয়ে না আসতে পারলে আমাদের পরবর্তী প্রজন্মকেও এর কুফল ভোগ করতে হবে।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ লাইট ৭১























