জমির কাগজ ঠিক করতে সাহায্য করার কথা বলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ
- আপডেট টাইম : ০৬:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / 126
জমির কাগজ ঠিক করতে সাহায্য করার কথা বলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের দৃশ্য ভিডিওধারণ করার অভিযোগ উঠেছে। ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে আবারো ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রংপুরের মিঠাপুকুর থানায় একটি মামলা করেছেন। মামলার আসামিদের গ্রেফতার না করায় উল্টো মামলা তুলে নেয়ার জন্য আসামিরা গৃহবধূকে হুমকি দেয়ায় ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী ওই নারী।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর গ্রামের তোফাজ্জল হোসেনের কাছে ৫ বছর আগে দুই লাখ টাকায় ৬৬ শতাংশ জমি বন্ধক নেন গৃহবধূ ও তার স্বামী। বন্ধক নেয়ার সময় লিখিত স্ট্যাম্পও করে দেন তোফাজ্জল হোসেন। এর পর থেকে বন্ধকি সম্পত্তি ভোগদখল করে আসছে গৃহবধূ ও তার স্বামী। গত ১০ নভেম্বর জমিদাতা তোফাজ্জল হোসেন আরো ৪০ হাজার টাকা তাদের কাছে নিলেও স্ট্যাম্প করে দিতে টালবাহানা করেন।
এরপর তোফাজ্জল হোসেনের সহযোগী আবু তাহের ও রবিউল হাসান বিষু নামে এলাকার দুই যুবক ওই গৃহবধূকে ৪০ হাজার টাকার স্ট্যাম্প লিখিয়ে নিয়ে দেয়ার কথা বলে ২ লাখ টাকার মূল স্ট্যাম্পটি তার কাছ থেকে নিয়ে নেয়। এরপর তোফাজ্জল হোসেনের সহযোগী আবু তাহের ও রবিউল হাসান বিষু ওই গৃহবধূকে কৌশলে ২২ নভেম্বর ও ২৭ নভেম্বর ডেকে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের দৃশ্য ভিডিও করে তা ছড়িয়ে দেয়ার ভয় দেখায়।
এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করলে অপরাধীরা ঘটনা স্থানীয়ভাবে সমাধানের আশ্বাস দিয়ে থামিয়ে রাখে। তারা গৃহবধূকে দুশ্চরিত্র অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে মিঠাপুকুর থানায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
ওসি আরো জানান, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।
নিউজ লাইট ৭১


















