পাচারের কোটি কোটি টাকা সত্তর-আশি গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে
- আপডেট টাইম : ০৬:৩৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / 121
৩ হাজার ৬শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিদেশে পলাতক এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারের সত্তর-আশি জন গার্লফ্রেন্ডের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের একাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে।
রোববার (২০ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান দুদক আইনজীবী খুরশীদ আলম খান।
তিনি বলেন, তার বিরুদ্ধে অর্থপাচারের বিষয়ে আমরা আরও কিছু তথ্য পেয়েছি। দুদকের অনুসন্ধানে জানতে পেরেছি, তিনি অবিবাহিত এবং অবিবাহিত থাকার সুবাদে পাচারের কোটি কোটি টাকা সত্তর-আশি গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে পাঠিয়েছেন। আমরা সেসব অ্যাকাউন্টের বিষয়েও অনুসন্ধান করছি।
তিনি জানান, তদন্তে প্রমাণিত হলে তাদেরও আসামি করা হবে।
দুদক আইনজীবী জানান, পিকে হালদারকে ধরতে এরইমধ্যে গ্রেফতারি পরোয়ানা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে। এর আগে পিকে হালদার দেশে ফিরতে চেয়েও ফেরেননি। এমনকি তার অবস্থান নিয়েও নিশ্চিত নন কেউ।
প্রসঙ্গত, প্রশান্ত কুমার হালদার, ব্যাংক পাড়ায় তিনি পরিচিত পিকে হালদার নামে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা রয়েছেন। মাঝে একবার টাকা ফেরতের শর্তে দেশে ফিরতে চাইলেও দেশে ফিরলে গ্রেফতার হতে হবে হাইকোর্টের এমন আদেশের পর অসুস্থতার কথা বলে আর ফেরেননি তিনি।
জানা গেছে, কানাডার বেগম পাড়ায় বাড়ি করে রাজকীয় জীবন যাপন করছেন তিনি।
নিউজ লাইট ৭১


















