জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে
- আপডেট টাইম : ০৬:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / 94
সারাদেশে জেঁকে বসতে শুরু করেছে শীত। এরইমধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরের শেষের দিকে অথবা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, সেসময় দেশের কোনো কোনো জায়গায় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। তখন দেখা দিতে পারে তীব্র শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কুড়িগ্রামে শনিবার (১৯ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে টিপটিপ করে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে।
কুড়িগ্রাম আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই মুহূর্তে এখানে বইছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। গতকাল শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই তাপমাত্রা কমছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, দেশের উত্তরাঞ্চলে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা আগামী দুদিনও অব্যাহত থাকবে। তবে, পরের পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
নিউজ লাইট ৭১























