অবৈধভাবে সহযোগিতার দায়ে ইমিগ্রেশন কর্মকর্তা ও দালালসহ ৪৬ জনকে আটক
- আপডেট টাইম : ০৫:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / 147
মালয়েশিয়ায় অভিবাসীদের অবৈধভাবে সহযোগিতার দায়ে ইমিগ্রেশন কর্মকর্তা ও দালালসহ ৪৬ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টু ডে’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আটককৃতদের মধ্যে ২৭ জন অভিবাসন কর্মকর্তা এবং বাকিরা দালাল। তারা সম্মিলিতভাবে একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ইমিগ্রেশন ও দুর্নীতি দমন কমিশন যৌথ অভিযান চালিয়ে দেশটির পুত্রাজায়া, সেলেঙ্গর, জোহর বারু, সাবাহ এবং সারাওয়াক প্রদেশ থেকে ৪৬ জনকে আটক করা হয়। এই অভিযানের নাম ছিল ‘অপস সেল্ট’।
এতে আরও বলা হয়েছে, মালয়েশিয়ায় যেসব অভিবাসী অবৈধ হয়ে পড়েছেন, বা বিভিন্ন কারণে দেশটিতে কালো তালিকাভুক্ত হয়েছেন, তারা ঝামেলামুক্ত থাকার জন্য মোটা অঙ্কের টাকা দিয়ে দালালের মাধ্যমে ইমিগ্রেশন অফিসারকে হাত করতেন। তারপর কোনো অভিবাসী ইমিগ্রেশন বিভাগে সশরীরে হাজির না হয়েই তাদের পাসপোর্টে আগমন ও বহির্গমন ইমিগ্রেশন সিল বা স্টিকার লাগিয়ে নিতেন।
সম্প্রতি তারা মালয়েশিয়া ত্যাগ করে আবার প্রবেশ করেছেন। এই কাজের জন্য প্রত্যেক অভিবাসীর কাছ থেকে ৬ হাজার রিঙ্গিত নিতেন তারা।
দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) পরিচালক (তদন্ত) নওরজলান মোহাম্মদ রাজালী আটকের বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।
নিউজ লাইট ৭১




















