ফুটবল খেলার মাধ্যমে আনন্দ উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরা
- আপডেট টাইম : ০৭:০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / 127
নিউজ লাইট ৭১ঃ কাতারে দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশি যুবকদের নিয়ে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম পাঁচলাইশ ফুটবল ক্লাব। ক্লাবটির পরিচালক ও কমিউনিটির নেতারা বলছেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধমুক্ত রাখা যায়। কর্মব্যস্ততার মাঝে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ফুটবল খেলার মাধ্যমে আনন্দ উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরাও।
সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বেশিরভাগ প্রবাfসী ব্যস্ত থাকেন পার্ক, হোটেল, মোটেল, রেস্তোরাঁয় আড্ডারত অবস্থায়। তবে এর ব্যতিক্রমও আছে কাতারে। দীর্ঘ ১৫ বছর ধরে ভিন্নরকম আমেজ দিয়ে যাচ্ছে চট্টগ্রামের পাঁচলাইশ ফুটবল ক্লাব। ফুটবল খেলার মাধ্যমে শরীরচর্চা হচ্ছে প্রবাসীদের।
ক্লাবের খেলোয়াড় কক্সবাজারের ছেলে তৌহিদুল ইসলাম আরিয়ান বলেন, দেশে আগে ফুটবল খেলতাম। এখন কাতারে এসে খেলি। খেলাধুলা করলে শরীর-স্বাস্থ্য ভালো থাকে। মন ভালো থাকে।
আরেকজন বলেন, সপ্তাহে দুইদিন এই ক্লাবে ফুটবল খেলি। প্র্যাকটিস করি। শরীর ঠিক রাখার জন্য নিয়মিত খেলাধুলা করা দরকার।
অন্য একজন প্রবাসী বলেন, পাঁচলাইশ ফুটবল ক্লাবে আমরা অনেকেই খেলি। এখানে খেলাধুলার কারণে আমাদের শরীরও ফিট থাকে। মনও ভালো থাকে।
২০২২ সালের কাতার বিশ্বকাপের আমেজ উপভোগ করতে অপেক্ষায় আছেন কমিউনিটির নেতারা। পাশাপাশি প্রবাসী যুবসমাজকে খারাপ কাজ থেকে দূরে রাখতে, চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফুটবল ক্লাবটির টিম ম্যানেজার।
চট্টগ্রাম পাঁচলাইশ ফুটবল ক্লাব, কাতারের টিম ম্যানেজার মোহাম্মদ সেলিম বলেন, আমরা এখানে বেশ কিছুদিন হলো কাতারবাসীদের জন্য ফুটবল ক্লাব শুরু করেছি। যাতে তারা বিশেষ করে যুবসমাজ সবরকম অন্যায় ও খারাপ কাজ থেকে দূরে থাকে।
বাংলাদেশ কমিউনিটি, কাতারের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ২০২২ বিশ্বকাপ কাতারে হবে। আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। কাতার বিশ্বকাপের জন্য যে স্টেডিয়ামগুলো নির্মাণ করেছে তার কয়েকটি দেখেছি। খুবই ভালো ব্যবস্থা করেছে তারা।
চট্টগ্রাম পাঁচলাইশ ফুটবল ক্লাবটি বাংলাদেশ কমিউনিটিসহ, কাতারস্থ দক্ষিণ এশিয়ান কমিউনিটির বিভিন্ন খেলায় অংশ নিয়ে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে।



















